Sylhet Today 24 PRINT

৫ মাসে ২৩৩ শিশু ধর্ষণের শিকার

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৯

চলতি বছরে জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত দেশজুড়ে ২৩৩ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ৬ জন ছেলে শিশুও রয়েছে।

এছাড়া একজন ছেলে শিশুসহ ৩২ শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন।

বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে মানুষের জন্য ফাউন্ডেশন ও এর সহযোগী সংগঠনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনে এ তথ্য জানান।

সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত দুইটি ছেলে শিশুসহ ৩৫ জন শিশু যৌন হয়রানির শিকার হয়েছে। এর মধ্যে সাতটি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আর ধর্ষণ চেষ্টার পর হত্যা করা হয়েছে এক শিশুকে। দুইজন শিশু ধর্ষণের শিকার হওয়ার পর আত্মহত্যা করেছে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করে বক্তারা বলেন, ২০১৮ সালে সারাদেশে মোট ৩৫৬ জন শিশু ধর্ষণের শিকার হয়। এদের মধ্যে নিহত হয়েছে ২২ জন শিশু এবং ৫৩ জন শিশুকে ধর্ষণের চেষ্টা চালানো হয়।

সংবাদ সম্মেলনে মানুষের জন্য ফাউন্ডেশন ও তার সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে সরকার এবং বিভিন্ন আইন প্রণয়ন ও বাস্তবায়নকারী সংস্থার প্রতি শিশু ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিশুদের যৌন হয়রানি বন্ধে বেশ কিছু দাবি তুলে ধরেন বেসরকারি এই সংস্থাটি। এগুলো হচ্ছে-

যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেপ্তার ও বিচার সম্পন্ন করা, শিশুর প্রতি ধর্ষণ ও সহিংসতা বন্ধে প্রণীত আইন সমূহ বাস্তবায়নের জন্য এই মুহূর্তেই বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা, বিভিন্ন পর্ন সাইট ও বিদেশি চ্যানেল যেখানে সহিংসতার ঘটনা দেখায় তা বন্ধ করা, তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সচেতনতামূলক ডকুমেন্টারি গ্রাম পর্যায়ে প্রদর্শনের ব্যবস্থা করা, বিআরটিএ-এর মাধ্যমে গাড়ি চালকদের ধর্ষণ ও যৌন হয়রানি প্রতিরোধমূলক বার্তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে অংশ নেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম আইন ও সালিশ কেন্দ্রের (আশক) নির্বাহী পরিচালক শীপা হাফিজা, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.