Sylhet Today 24 PRINT

ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৫

চলতি মৌসুমের হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে গেছে। প্রথম ফ্লাইটে যাত্রী সংখ্যা ছিল ৪১৮।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটে বিজি-১০১১ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী হজ ফ্লাইটের যাত্রীদের বিদায় জানান।

রোববারই হজ ফ্লাইট বিজি-৩০১১ দুপুর আড়াইটায় ৪১৯ জন, বিজি-৫০১১ রাত ৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।

নির্ধারিত সময়ে নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।চট্টগ্রাম ও সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনায় হজ-ক্যাম্পে হজ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, এ বছর হজ-ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৫১ হাজার মুসলমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটের জন্য বিমান ইতোমধ্যেই নিজস্ব বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজ প্রস্তুত রেখেছে। এ ছাড়া বিমানের নিয়মিত ফ্লাইটেও কিছু হজযাত্রী সৌদি আরব যাবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, এবার দেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ২ হাজার ৬০০ জন। বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সরকারি ব্যবস্থাপনায় বিমানে যাবেন ২ হাজার ৫৭৫ জন হজযাত্রী। ৪৮ হাজার ৪২৫ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন বলেন, দুই মাসব্যাপী হজ-ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ২৮৫টি ফ্লাইট পরিচালনা করা হবে। ১৬ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ‘প্রি হজ’-এ মোট ১৪৫টি ফ্লাইট পরিচালনা করা হবে । ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়নকাল হবে আনুমানিক ৭ ঘণ্টা।

খান মোশাররফ হোসেন বলেন, পোস্ট-হজে ১৪০টি ফ্লাইট চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত । ২ হাজার ৫৭৫ জন সরকারি ব্যবস্থাপনার যাত্রীসহ মোট ৫১ হাজার হজযাত্রী ক্যারিয়ার হিসেবে বিমানকে ব্যবহার করবেন। হজ-ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে।

প্রত্যেক হজযাত্রী বিনামূল্যে সর্বাধিক দুই পিস ৩২ কেজি মালামাল বিমানে ও বিজনেস ক্লাসের জন্য সর্বাধিক দুই পিস ৪২ কেজি এবং কেবিন ব্যাগেজে সাত কেজি মালামাল সঙ্গে নিতে পারবেন।

কোনো অবস্থাতেই প্রতি প্রিস ব্যাগেজের ওজন ২৫ কেজির বেশি হতে পারবে না। প্রত্যেক হজযাত্রীর জন্য ৫ লিটার জমজমের পানি ঢাকায় নিয়ে আসা হবে এবং হাজিরা ঢাকা ফেরত আসার পর তাদের তা প্রদান করা হবে। হাজিরা সঙ্গে করে বিমানে পানি বহন করতে পারবেন না।

বিমান কর্তৃক পরিচালিত ডেডিকেটেড হজ ফ্লাইট সমূহের চেক-ইন, ইমিগ্রেশন ও কাস্টমস আনুষ্ঠানিকতা প্রতিবারের মতো এবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন হজ ক্যাম্পেই সম্পন্ন করা হবে। তবে শিডিউল ফ্লাইটের হজযাত্রীদের যাত্রাপূর্ব আনুষ্ঠানিকতা যথানিয়মে বিমানবন্দরে সম্পন্ন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.