Sylhet Today 24 PRINT

জিয়ার সমাধিতে খালেদাকে মুক্ত করার শপথ নিয়েছেন মির্জা ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকার চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুলসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৩০ মে) সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আজকে জিয়াউর রহমানের সমাধিতে আমরা শপথ নিয়েছি, গণতন্ত্রের মাতা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও দেশের গণতন্ত্রকে মুক্ত করব।’

মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান এ দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন। বাক্‌স্বাধীনতা দিয়েছেন। কিন্তু আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, গণতন্ত্রের মাতাকে একটি মিথ্যা মামলায় কারাগারে আটক করে রাখা হয়েছে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করে যাবে। যত দিন বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরে না আসবে, ততদিন জাতীয়তাবাদী দল মানুষের সঙ্গে থাকবে। আন্দোলন করবে।

মওদুদ আহমদ বলেন, হাজার চেষ্টা করলেও জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন তাঁকে এ দেশের মানুষ স্মরণ করবে। তাঁকে স্মরণ করার অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম হলো তিনি ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ, শামা ওবায়েদ প্রমুখ ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.