সিলেটটুডে ডেস্ক | ১৭ আগস্ট, ২০১৫
ব্লগার নিলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় (নিলয় নীল) হত্যাকাণ্ডের ঘটনায় আটক শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ান এবং মাসুদ রানা গোয়েন্দা পুলিশকে গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় অস্বীকার করলেও তদন্ত সংশ্লিষ্টদের জানিয়েছে-নিলয় হত্যাকাণ্ডে এবিটির (আনসারুল্লাহ বাংলা টিম) একটি স্লিপার সেলের সদস্যরা জড়িত। তাদের হত্যা তালিকায় আরো কয়েকজন ব্লগারের নাম রয়েছে। জিজ্ঞাসাবাদে ওই স্লিপার সেলের সদস্যদের নামও জানিয়েছে তারা। পুলিশ এবিটি স্লিপার সেলের খুনীদের খুঁজছে।
তদন্তসংশ্লিষ্ট অন্য এক কর্মকর্তা জানান, ব্লগার নিলয় হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার নাহিন ও রানা নতুন করে অন্তত আরো কয়েকজন ব্লগারকে হত্যা পরিকল্পনার তথ্য দিয়েছে। ওই ব্লগাররা তাদের টার্গেটে রয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার না হওয়া স্লিপার সেলের সদস্যদের খোঁজ চলছে।
নিলয় ও রানার তথ্য মতে, আনসারুল্লাহর স্লিপার সেলের একটি গ্রুপের আরো অন্তত ছয়জনের নাম পাওয়া গেছে। এরা নাহিন ও রানার ঘনিষ্ঠ। তবে গতকাল রবিবার পর্যন্ত হত্যায় সরাসরি জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গত ৭ আগস্ট জুমার নামাজের সময় রাজধানীর পূর্ব গোড়ানের ভাড়া বাসায় খুন হন নিলয়। খুনীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে চাআতি দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর সে স্থান ত্যাগ করে বলে জানিয়েছিলেন নিলয়ের স্ত্রী আশা মনি।
এর আগে গত সাড়ে পাঁচ মাসের মধ্যে ঢাকায় ব্লগার অভিজিৎ রায়, রাজীব হায়দার, ওয়াশিকুর রহমান বাবু ও সিলেটে অনন্ত বিজয় দাশকে একই কায়দায় হত্যা করা হয়।
প্রতিটি ঘটনায়ই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা জড়িত বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দাবি করা হলেও প্রতিটি ঘটনার নেপথ্যের কুশীলব ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের বেশিরভাগ গ্রেপ্তার হয়নি।