Sylhet Today 24 PRINT

লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৯

দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে জন্য এ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সাক্ষরিত আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্ক বার্তায় বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে গভীর সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের উপকূলে উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.