Sylhet Today 24 PRINT

মোমেনকে জয়শঙ্করের চিঠি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০১৯

বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে দেওয়া এক চিঠিতে ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সূচনালগ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ-ভারত অংশীদারিত্বের যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দুই দেশের অংশীদারিত্বকে সে পর্যায়ে নিয়ে যেতে আমি অঙ্গীকারবদ্ধ।

গত ৪ জুন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বাসস।

চিঠিতে এস জয়শঙ্কর লিখেন, নিকটতম প্রতিবেশী বাংলাদেশ ও ভারত দুই দেশের সম্পর্ক গভীর সম্পর্কে রূপ নিয়েছে। আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের কারণে।

তিনি বলেন, সম্প্রতি জনগণের ব্যাপক সমর্থন নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হয়েছে। গত মাসে ভারতে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সও জনগণের ব্যাপক সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। এ দুই ঘটনা দুই দেশের সুদৃঢ় অংশীদারিত্বের প্রতি উভয় দেশের জনগণের ব্যাপক সমর্থনের বহিঃপ্রকাশ।

চিঠিতে শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.