Sylhet Today 24 PRINT

১১ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০১৯

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১১ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিনল্যান্ড থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী। দোহার হাম্মাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল তার যাত্রাবিরতি।

এই সফরে ২৮ মে জাপানের উদ্দেশে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী। টোকিওতে ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের সঙ্গে আড়াইশ কোটি ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি হয়।

জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে ৩০ মে শেখ হাসিনা সৌদি আরবে যান। সম্মেলনে অংশ নেওয়ার পর ওমরাহ পালন করেন তিনি, জিয়ারত করেন মহানবীর (স.) রওজা।

সৌদি আরব থেকে ৩ জুন ফিনল্যান্ড যাত্রা করেন প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.