Sylhet Today 24 PRINT

রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০১৯

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১১ দিনের সফর শেষে দেশে ফেরার একদিন পরেই সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৯ জুন) বিকাল ৫টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিদেশ সফর থেকে ফিরে প্রতিবারই সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা।

শনিবার সকালেই ফিনল্যান্ড থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। সৌদি আরব থেকে ৩ জুন ফিনল্যান্ড যাত্রা করেছিলেন তিনি।

এই সফরে ২৮ মে জাপানের উদ্দেশে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী। টোকিওতে ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের সঙ্গে আড়াইশ কোটি ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি হয়।

জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে ৩০ মে শেখ হাসিনা সৌদি আরবে যান। সম্মেলনে অংশ নেওয়ার পর ওমরাহ পালন করেন তিনি, জিয়ারত করেন মহানবীর (স.) রওজা। এরপর যান ফিনল্যান্ডে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.