Sylhet Today 24 PRINT

ঈদের ছুটির পর অফিস খুলেছে আজ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০১৯

ঈদুল ফিতরের ছুটি শেষে আজ রোববার প্রথম কর্মদিবস। আজ থেকে কর্মচঞ্চল হয়ে ওঠেছে সচিবালয়, অফিস, আদালত, ব্যাংক। ব্যস্ত হয়ে উঠছে রাজধানী ঢাকা। ইতিমধ্যে ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

তবে এখনও সবাই ফেরেননি। তাই অফিসগুলো ছুটির আমেজ বিরাজ করছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে পুরোপুরি কর্মচঞ্চল হবে অফিসগুলো।

সরকারি নিয়ম অনুযায়ী, ঈদে তিন দিন সাধারণ ছুটি থাকে। এছাড়া এ দুই ঈদের আগে ও পরের দিন নির্বাহী আদেশে ছুটি থাকে। এবার ঈদের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে এক কর্মদিবস ছিল। এ কর্মদিবসটি ম্যানেজ করে অনেকেই ৯ দিন ছুটি কাটিয়েছেন।

ঈদ উপলক্ষে মঙ্গলবার (৪ জুন), বুধবার (৫ জুন) ও বৃহস্পতিবার (৬ জুন) সরকারি ছুটি ছিল। এর সঙ্গে শুক্র (৭ জুন) ও শনিবারের (৮ জুন) সাপ্তাহিক ছুটি মিলে এবারের ঈদে মোট পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মচারীরা। আর যারা ৩ জুন ছুটি নিয়েছিলেন তারা টানা ৯ দিন ছুটি কাটাতে পেরেছেন।

এর বাইরে ঈদের পরও যারা ছুটি নিয়েছেন তারাও বেশ লম্বা ছুটি কাটিয়েছেন। সব মিলিয়ে আজ থেকে কর্মদিবস শুরু হলেও আগামী সপ্তাহের আগে সরকারি অফিস-আদালত ও ব্যাংক-বীমা পুরোদমে কর্মব্যস্ত হওয়ার সম্ভাবনা কম।

ঈদের আগে বাড়ি যাওয়া কর্মজীবী লোকজন শুক্রবার থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। গত দুই দিন ধরেই সদরঘাট, কমলাপুর, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে রাজধানীমুখী মানুষের ভিড় বেড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.