সিলেটটুডে ডেস্ক | ১৮ আগস্ট, ২০১৫
প্রধান বিচারপতি এবং অন্য এক বিচারপতির কথোপকথন নিয়ে একাত্তর টিভিতে প্রচারিত সংবাদ ও টকশো’র ভিডিও ফুটেজসহ লিখিত স্ক্রিপ্টের বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বে চার সদস্যের একটি বেঞ্চ বলেন, নথি বা সিডি পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে।
গত ১৬ আগস্ট (রবিবার) সংবাদ ও টকশো’র ভিডিও ফুটেজসহ লিখিত স্ক্রিপ্ট আপিল বিভাগে জমা দেয় চ্যানেলটি।
বিচার বিভাগ নিয়ে দৈনিক জনকন্ঠে একটি উপসম্পাদকীয় প্রকাশিত হওয়ার পর এর ব্যাখ্যা চেয়ে ২৯ জুলাই সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ এবং উপসম্পাদকীয়টির লেখক ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত আবমাননার রুল জারি করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আপিল বিভাগ জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও নির্বাহি সম্পাদককে একদিন এজলাসে অবস্থান করার দণ্ড এবং প্রত্যেককে নগদ ১০হাজার টাকার অর্থদণ্ড প্রদান করে।
রুল শুনানির শেষ দিনে ১০ আগস্ট দুই বিচারপতির কথোপকথন নিয়ে প্রতিবেদন ও টকশো প্রচার করে একাত্তর টেলিভিশন। পরদিন আপিল বিভাগ ওই বিষয়ের সিডিসহ সংশ্লিষ্ট নথি ১৬ আগস্ট জমা দিতে টেলিভিশন কর্তৃপক্ষকে নিজ থেকে নির্দেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ।
নির্দেশ অনুযায়ী বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চের কাছে নথি জমা দেন অ্যাটর্নি জেনারেল।