Sylhet Today 24 PRINT

মাশরাফিকে নিয়ে অসম্মানজনক পোস্ট করা চিকিৎসক রাঙামাটিতে বদলি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০১৯

সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ফেসবুকে অসম্মানজনক পোস্ট দেওয়া চিকিৎসক ডা. এ কে এম রেজাউল করিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে বদলি করে তাকে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। ধারণা করা হচ্ছে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ফেসবুকে অসম্মানজনক পোস্ট করার শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই এই বদলির আদেশ পেলেন ডাক্তার রেজাউল করিম।

দায়িত্বশীল সূত্র জানায়, গত বুধবার (২৬ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওই বদলির আদেশ জারি করে। মন্ত্রণালয়ের স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মহসীন উদ্দিন ওই বদলি আদেশে স্বাক্ষর করেন। যা অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ রয়েছে।

গত ২৮ এপ্রিল এই চিকিৎসক তার ফেসবুক পোস্টে মাশরাফি বিন মুর্তজার একটি হাসপাতাল পরিদর্শন ও কিছু বক্তব্য নিয়ে অসম্মানজনক পোস্ট দেন। সামাজিক মাধ্যমে তা নিয়ে সমালোচনার ঝড় উঠলে ওই চিকিৎসকের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়। মন্ত্রণালয় চিকিৎসকের ওই ফেসবুক স্ট্যাটাসকে অনুচিত, অনভিপ্রেত ও অসদাচরণ হিসেবেও উল্লেখ করে।

তারই ধারাবাহিকতায় গত ৬ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে অধ্যাপক ডা. একেএম রেজাউল করিমের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শানোর নোটিশ দেয়।
বিজ্ঞাপন

নোটিশে বলা হয়, ফেসবুক টাইমলাইনে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে অশালীন এবং অযাচিত ভাষা ব্যবহার করে পাবলিক পোস্ট দেয়া হয়েছে। একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ আচরণ অনুচিত ও অনভিপ্রেত উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, ‘এসব আচরণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) মোতাবেক ‘অসদাচরণ হিসেবে গণ্য।’

তিন কর্ম দিবসের মধ্যে ওই নোটিশের উত্তর দিতেও বলা হয়। ধারণা করা হচ্ছে সেই নোটিশের জবাবের পরিপ্রেক্ষিতেই বদলির এই সিদ্ধান্ত কার্যকর করা হল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.