Sylhet Today 24 PRINT

হাই কোর্টে ডিআইজি মিজানের আগাম জামিনের আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৯

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় আগাম জামিন চেয়ে সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান হাই কোর্টে আবেদন জানিয়েছেন।

রোববার (৩০ জুন) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চে আবেদনটি দাখিল করা হয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় সাবেক ডিআইজি মিজানুর রহমানের পক্ষে আবেদনটি দাখিল করেন আইনজীবী মো. আসাদুজ্জামান।

প্রসঙ্গত, এর আগে নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু এই তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এছাড়া ১৯ জুন আদালত এক আদেশে মিজানুর রহমানের স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেন। ২৪ জুন তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.