Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন: আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৯

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার (৩০ জুন) সংসদে সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিতে আইন, বিচার ও সংসদ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করছে। খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রী বলেন, পলাতক খুনি নুর চৌধুরী কিভাবে কানাডায় বসবাস করছেন (লিগ্যাল স্ট্যাটাস) এ সম্পর্কে তথ্য দিতে কানাডা সরকারকে বাধ্য করতে ফেডারেল কোর্ট অব জাস্টিস এর আদালতে আবেদন করা হয়েছে। পলাতক আসামি রাশেদ চৌধুরীকে আমেরিকা থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আইনগত বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য সেখানে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।

তিনি জানান, অন্যান্য পলাতক আসামীদের ফিরিয়ে আনতে টাক্সফোর্স কাজ করছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করা হয়েছে।

খবর:বাসস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.