Sylhet Today 24 PRINT

এরশাদের শারীরিক অবস্থার অবনতি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের।

রোববার (৩০ জুন) বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন।

তিনি জানান, সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে পানি চলে এসেছে, ইনফেকশনও দেখা দিয়েছে । পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়।

এরশাদকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য পরিবারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়ে জি এম কাদের বলেন, তবে এই মুহূর্তে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসায় আমাদের আস্থা আছে।

গত ২৬ জুন থেকে সিএমএইচ চিকিৎসাধীন রয়েছেন এরশাদ। এর আগে গত ২০ জানুয়ারি এরশাদকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। ৯০ বছর বয়সী হুসেইন মুহাম্মদ এরশাদ গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই অসুস্থ হয়ে পড়েন। ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। এই কারণে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেননি।

এরশাদ শারীরিক অসুস্থতার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় ছোটভাই জিএম কাদেরকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.