Sylhet Today 24 PRINT

গ্যাসের দাম বাড়ায় জনগণ লাভবান হবে: কৃষিমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৯

গ্যাসের দাম বাড়ায় দেশের মানুষ পরোক্ষভাবে লাভবান হবে বলে রবিবার সংসদকে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রবিবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এমপি শিরীন আখতারের সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা বলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পক্ষে প্রশ্নের জবাব দেন তিনি।

মন্ত্রী বলেন, "গ্যাসের দাম বেশ কয়েকবার বেড়েছে। এর বিরুদ্ধে প্রতিক্রিয়াও হয়েছে। আমি স্বীকার করি যে, গ্যাসের দাম বাড়ানোর সরকারি এ সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এতে করে কিছু কিছু মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হলেও পরোক্ষভাবে আমরা সবাই লাভবান হবো। সার্বিক অর্থনীতির উপরে ইতিবাচক প্রভাব পড়বে। কাজেই সকল দিক বিচার বিবেচনা করে সরকার দাম বাড়িয়েছে।"

কৃষিমন্ত্রী আরো বলেন, "নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য হয়তো দাম বাড়ানো হয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের ইতিবাচক প্রভাব যেমন শিল্প, কারখানা ও মিলগুলো স্থাপনের কথা বিবেচনা করা উচিত।"

"বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস বা কয়লা বা ডিজেল প্রয়োজন। ‘এই খাতে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হয়। সরকার যদি সবসময় ভর্তুকি দিতেই থাকে তাহলে অন্যান্য সেক্টরের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে", যোগ করেন তিনি।

এছাড়াও ‘সংসদ চলাকালে এবং সংসদকে না জানিয়ে গ্যাসের দাম বাড়ানো আইনসম্মত কি না’  জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.