Sylhet Today 24 PRINT

ধর্ষণের বিরুদ্ধে পুরুষদের সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৯

ধর্ষণের বিরুদ্ধে দেশের পুরুষ সমাজকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, "ধর্ষণ যেহেতু পুরুষরা করে, সেহেতু এটি রোধ করতেও তাদের এগিয়ে আসতে হবে। সবাইকে একসঙ্গে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে ধর্ষণের বিরুদ্ধে।"

সোমবার (৮ জুলাই) বিকেলে সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "পৃথিবীর সব দেশেই ধর্ষণের ঘটনা ঘটছে। আমাদের দেশেও এই জঘন্য ঘটনা ঘটছে। এখন তো মেয়েরা সাহস করে ধর্ষণের ঘটনা প্রকাশ করছে। একটা সময় ছিল, সাহস করে বলতে পারত না। যারা এ ধরনের জঘন্য কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। শুধু নারীদের নয়, পুরুষ সমাজকেও ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত।"

প্রধানমন্ত্রী বলেন, "ধর্ষণ একটি জঘন্যতম কাজ। যারা এ কাজ করে, তারা মানুষ নয়। ধর্ষণের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ধর্ষণের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে।"

চীন সফরের ফলাফল নিয়ে আজ সোমবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। সংবাদ সম্মেলনে চীন সফর নিয়ে লিখিত বক্তব্য পড়েন প্রধানমন্ত্রী। এরপর বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নের জবাব দেন তিনি।

পাঁচ দিনের সফরে গত ১ জুলাই চীনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

চীন সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলন, প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নাগরিক সংবর্ধনা এবং চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেন। এ ছাড়া শেখ হাসিনা তিয়েনআনমেন স্কয়ারে হিরোস মেমোরিয়ালে চীনা বিপ্লবের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.