Sylhet Today 24 PRINT

রিফাত হত্যা : রিশান ফরাজী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৯

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামী রিশান ফরাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টায় বরগুনা থেকে রিশান ফরাজীকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

তিনি জানান, রিফাতকে হত্যার মামলার তিন নম্বর আসামি রিশানকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার এ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। দিনভর জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে দুর্বৃত্তরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। এ ঘটনায় পরের দিন ২৭ জুলাই ১২ জনের নাম উল্লেখ করে নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত সাতজন এবং জড়িত সন্দেহে সাতজনসহ মোট ১৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মারা গেছে।

এ পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এজাহারভুক্ত চারজন এবং জড়িত সন্দেহে ছয়জনসহ মোট ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি তিনজনকে পুলিশ বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.