Sylhet Today 24 PRINT

শওকত মাহমুদকে এবার ৮০ দিনের রিমান্ডে চায় পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৫

সন্ত্রাসের আরও আট মামলায় সাংবাদিক শওকত মাহমুদের ৮০ দিনের রিমান্ডের অাবেদন জানিয়েছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) ঢাকার সিএমএম আদালতে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা মামলাগুলোতে দশদিন করে মোট ৮০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। মামলাগুলোর মধ্যে রয়েছে পাঁচটি পল্টন থানার ও তিনটি মতিঝিল থানার মামলা।

নতুন এ আট মামলাসহ এ পর্যন্ত ১২ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শওকত মাহমুদকে।

শওকত মাহমুদের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২৪ আগস্ট) রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য, আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদকে গত গত ১৮ আগস্ট আটক করা হয়।

রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরে তাকে চার্জশিট হয়ে যাওয়া যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর তিনটি মামলা ও রমনা থানার হত্যা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

১৯ আগস্ট আদালতে হাজির করে রমনা থানার মামলায় দশদিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি পুলিশ। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করলে সেদিনই রিমান্ডে নেওয়া হয় শওকত মাহমুদকে। শনিবার (২২ আগস্ট) রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.