Sylhet Today 24 PRINT

বাড্ডায় গুলিবিদ্ধ যুবলীগ কর্মী আব্দুস সালামও মারা গেলেন

নিউজ ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৫

রাজধানীর বাড্ডায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুবুর রহমান গামার সঙ্গে গুলিবিদ্ধ যুবলীগ কর্মী আব্দুস সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ১০ দিন আগের ওই ঘটনায় গুলিবিদ্ধ চারজনেরই মৃত্যু হল।

রোববার রাত সাড়ে ১০টার দিকে সালাম মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক জানিয়েছেন।

গত ১৩ অগাস্ট রাত ৯টার দিকে বাড্ডা আদর্শনগর পানির পাম্পের কাছে সরকারসমর্থক কয়েকজন আড্ডা দেওয়ার সময় তাদের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে নেওয়ার পর রাতেই শামসু মোল্লা (৫৩) ও ফিরোজ আহমেদ মানিক (৪৫) নামের দুইজনের মৃত্যু হয়।

পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গামার, যিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাহিত্য বিষয়ক সহ সম্পাদক ছিলেন।

‘রাজনৈতিক প্রতিহিংসার’ পাশাপাশি কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে ‘দ্বন্দ্বের’ জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহ গামার স্বজনদের।

এ ঘটনায় গামার বাবা অজ্ঞাত পরিচয় ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন একজন সম্প্রতি গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.