Sylhet Today 24 PRINT

রাজধানীতে পুলিশ বক্সের পাশে দুটি বোমা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৯

রাজধানীর পল্টন ও তেজগাঁও এলাকা থেকে পুলিশ বক্সের সামনে থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়।

মঙ্গলবার রাতে বোমা দুটি পাওয়া যায়। গত রাত ও আজ বুধবার ভোররাতে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ সূত্র জানায়, গতরাত ১১টার পর খামারবাড়ি প্রান্তে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি বোমা পড়ে থাকতে দেখা যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এলাকাটি ঘিরে রাখে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন।

খামারবাড়ি থেকে উদ্ধার করা বোমাটি ভোররাত সাড়ে চারটার দিকে বিস্ফোরণ ঘটানো হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুর রশিদ তালুকদার এ তথ্য জানান।

রাত ১১টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে একটি বোমা উদ্ধার করে পুলিশ।

শাহবাগ থানার ওসি আবুল হাসান সাংবাদিকদের বলেন, পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি কার্টন দেখতে পান সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা। কার্টনের ভেতর তার প্যাঁচানো একটি বস্তু দেখেন তাঁরা। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। তাঁরা বোমাটির বিস্ফোরণ ঘটান।

পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, কোনো সন্ত্রাসী গোষ্ঠী আতঙ্ক ছড়ানোর জন্য বোমা দুটি ফেলে যেতে পারে বলে তাঁদের কাছে মনে হচ্ছে। মাঝারি ক্ষমতা সম্পন্ন বোমা দুটির উপাদান বিশ্লেষণ করে দেখা হচ্ছে। জঙ্গিদের ব্যবহার করা বোমার সঙ্গে এই দুটি বোমার কোনো মিল আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.