Sylhet Today 24 PRINT

বেনাপোলে ২০০ কেজি ভায়াগ্রা পাউডারের চালান আটক

বেনাপোল প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০১৯

বেনাপোল বন্দরে অবৈধভাবে আমদানিকৃত ২০০ কেজি ভায়াগ্রার একটি চালান আটক করেছে কাস্টমস সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা কেউ আটক হয়নি। এ অপরাধের জন্য ইতোমধ্যে সিঅ্যান্ডএফ এজেন্ট আহাদ এন্টার প্রাইজ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জুলাই) দুপুর ১টায় ভায়াগ্রা আটকের বিষয়টি সংবাদ সম্মেলনে কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী নিশ্চিত করেন।

এর আগে গত ১৩ এপ্রিল বেনাপোল বন্দর থেকে একটি বাংলাদেশি ট্রাকসহ এই চালানটি কাস্টমস সদস্যরা আটক করেন। এই অপরাধে অভিযুক্ত আমদানিকারক প্রতিষ্ঠান হলো, ঢাকার কলাবাগানের ক্রিসেন্ট রোডের ১৫৩/৩ কাঁঠালবাগান এলাকার রেড গ্রীন ইন্টারন্যাশনাল। অবৈধ আমদানিতে সহযোগী ছিলো সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান বেনাপোলের আহাদ এন্টারপ্রাইজ।

কাস্টমস সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র অবাধে ভারত থেকে আমদানি যোগ্য পণ্যের আড়ালে ভায়াগ্রা নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস সদস্যরা ওই আমদানিকারকে নজরদারিতে রাখে। পরে ওই আমদানিকারক ফ্লেভার ঘোষণায় একটি পণ্য চালান আমদানি করে ছাড় নেওয়ার সময় চালানটি জব্দ করা হয়। আড়াই মাস পর দায়িত্বশীল বিভিন্ন দফতরে পণ্যের নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় আমদানিকৃত ২০০ কেজি পাউডারটি ভায়াগ্রা।

বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার দীপা রানী হালদার ভায়াগ্রা পাউডার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ অপরাধের জন্য ইতোমধ্যে সিঅ্যান্ডএফ এজেন্ট আহাদ এন্টার প্রাইজের লাইসেন্স বাতিল করা হয়েছে। সাত সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে। জালিয়াতি ও অবৈধ পণ্য সুকৌশলে আমদানি অভিযোগে গঠিত তদন্ত কমিটি  প্রতিবেদনের পর দোষীদের বিরুদ্ধে  ফৌজদারি ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.