Sylhet Today 24 PRINT

ঢাকায় পুলিশ বক্সের পাশে বোমা, ‘আইএসের দায় স্বীকার’

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৯

রাজধানী ঢাকার দুটি পুলিশ চেক পয়েন্টের সামনে বোমা পুঁতে রাখার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স দাবি করেছে, সংস্থাটির ওয়েবসাইট ও টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়েছে।

বিস্ফোরণের আগে মঙ্গলবার (২৩ জুলাই) রাতে খামারবাড়ি ও পল্টন এলাকা থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।

পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তখন বলেন, ‘খেজুরবাগান (খামারবাড়ি) ও ইউবিএল ক্রসিং (পল্টন) এলাকায় যে বোমা পাওয়া গেছে, তা আমরা নিষ্ক্রিয় করেছি। বোমাসদৃশ বস্তুগুলোর ভেতরে বোমার কন্টেন্ট কতটুকু ছিল, তা এখন বিশ্লেষণের বিষয়। আমরা ফরেনসিক করবো। আমরা প্রয়োজনে ডিএনএ টেস্টও করবো। এজন্য আমাদের একটু সময় লাগবে।’

তিনি বলেন, আমাদের স্থানীয় জঙ্গি গোষ্ঠীগুলো, যারা ইতোপূর্বে এখানে কাজ করেছে, তারা হয়তো সক্রিয় থাকলেও থাকতে পারে। অবশ্য খুব আরলি হয়ে যাচ্ছে কমেন্টটি। তবে আমরা তদন্ত করছি। বিষয়টি পুরোপুরি দেখে যখন বলার মতো হবে, তখন অবশ্যই আমরা বিস্তারিত বলবো।

সাইট ইন্টেলিজেন্স তাদের টুইট বার্তা ও ওয়েবসাইটে জানিয়েছে, আইএসের দাবি অনুযায়ী ঢাকার দুই পুলিশ চেক পয়েন্টে হামলার উদ্দেশ্যে বোমা দুটি স্থাপন করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.