Sylhet Today 24 PRINT

ডেঙ্গুর সংখ্যা নিয়ে ‘ছেলেধরার মতো গুজব’: সাঈদ খোকন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত মানুষের সংখ্যা নিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদন ‘ছেলেধরার মতো গুজব’। কোনো কোনো সংবাদমাধ্যমে ডেঙ্গুতে আক্রান্ত মানুষের যে সংখ্যা বলা, হচ্ছে তা কাল্পনিক।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘মশকনিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়রের সাঈদ খোকন এ কথা বলেন।

মেয়র খোকন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যকেই সঠিক বলে মনে করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় নয় হাজার।

মেয়র বলেন, মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। ছেলেধরার গুজবের মতোই সাড়ে তিন লাখ ডেঙ্গুতে আক্রান্ত একই সূত্রে গাঁথা। জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে। ডেঙ্গু রোগীদের পাশে থেকে কঠিন জবাব দেওয়ার জন্য সরকার প্রতিজ্ঞ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আশপাশের দেশের তুলনায় কম।

তিনি বলেন, মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বলা হচ্ছে, ওষুধে মশা মরছে না।

মন্ত্রী জানান, মশার ওষুধ তাঁরা পরীক্ষা করতে দিয়েছিলেন। পরীক্ষার পর দেখা গেছে ওষুধে কোনো সমস্যা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.