সিলেটটুডে ডেস্ক | ২৫ জুলাই, ২০১৯
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সম্পূর্ণ নতুন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ। এই বিমানটির নাম রাখা হয়েছে গাঙচিল। ‘গাঙচিল’ সিয়াটল হতে সরাসরি ঢাকায় এসে অবতরণ করে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল ৫টা ৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রিমলাইনার উড়োজাহাজটি অবতরণ করে। এর মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা হচ্ছে ১৫।
দেশে পৌঁছার পর ড্রিমলাইনার গাঙচিলকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারহাত হাসান জামিল, পরিচালক প্রশাসন জিয়াউদ্দীন আহমেদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ভিনীত সুদ, পরিচালক প্রকৌশল গ্রুপ ক্যাপ্টেন খন্দকার সাজ্জাদুর রহিম (অব.), পরিচালক গ্রাহকসেবা আতিক সোবহান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাইদ মেহবুব খান এবং বিমান ও সিভিল এভিয়েশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সাথে ১০টি নতুন বিমান কেনার জন্য চুক্তিবদ্ধ হয়। ইতোমধ্যে চারটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ যুক্ত হয়েছে। আজকের এই বিমানটি নিয়ে বিমান বহরে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের সংখ্যা দাঁড়াল ৩।
বিমান বহরের চারটি ড্রিমলাইনারের নাম বাছাই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হল আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।
গাঙচিল-এ আসন থাকছে ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ইকোনমিক ক্লাস ২৪৭টি। বিজনেস ক্লাসে ২৪টি আসন ১৮০ ডিগ্রি পর্যন্ত রিক্লাইন্ড সুবিধা এবং সম্পূর্ণ ফ্ল্যাটবেড হওয়ায় যাত্রীরা আরামদায়ক ভ্রমণ করতে পারবেন। বিমানটিতে যাত্রীরা অন্যান্য আধুনিক সুবিধা এবং ইন্টারনেট ও ফোন কল করার সুবিধা পাবেন।