সিলেটটুডে ডেস্ক | ২৮ জুলাই, ২০১৯
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায় দৈনিক জনকণ্ঠ থেকে পদত্যাগ করেছেন। সর্বশেষ তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
রোববার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
স্বদেশ রায় জনকণ্ঠের সঙ্গে যুক্ত ছিলেন ২০০৪ সালের মার্চ থেকে। দেড় দশকে পত্রিকাটিতে প্রথমে জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও পরে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
পদত্যাগ সম্পর্কে স্বদেশ রায় বলেন, তিনি নতুন একটি মিডিয়া হাউজে জড়িত হচ্ছেন, যেখান থেকে টেলিভিশন, রেডিও, অনলাইন ও মুদ্রিত সংবাদপত্র প্রকাশিত হতে যাচ্ছে।
সাঁইত্রিশ বছরের সাংবাদিকতা পেশায় দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন স্বদেশ রায়। ১৯৮২ সালে সাংবাদিকতায় আসা স্বদেশ রায় কাজ করেছেন যায়যায়দিন, ম্যাগাজিন সচিত্র সন্ধানী, দৈনিক রুপালী, দৈনিক বাংলাবাজার পত্রিকা, সাপ্তাহিক পরিবর্তন, দৈনিক নব অভিযানসহ বিভিন্ন পত্রিকায়।