Sylhet Today 24 PRINT

ঘুষ গ্রহণকালে দুদকের হাতে গ্রেপ্তার নির্বাহী প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০১৯

ছবি: দুদকের ফেসবুক পেজ

বাড়ি বরাদ্দের জন্যে ঘুষ গ্রহণকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন।

রোববার রাত রাত ৮.৩০ টায় বাড়ি বরাদ্দের জন্য আবেদনকারীর নিকট হতে ৬০ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণকালে তাকে তার নিজ কার্যালয় হতে গ্রেপ্তার করা হয় বলে ফেসবুকের ভেরিফায়েড পেজে জানিয়েছে দুদক।

দুদক জানায়, দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ আসে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি বরাদ্দ কমিটির সভায় দিনাজপুর হাউজিং এস্টেটের একটি বাড়ি নাজমুন্নাহার নামের একজনকে বরাদ্দ প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু অনুমোদনের দেড় বছর অতিক্রান্ত হলেও বাড়িটি বরাদ্দ না দিয়ে তাকে হয়রানি করছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, দিনাজপুর। ভুক্তভোগী তাদেরকে বারবার অনুরোধ করলেও নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ বরাদ্দ প্রদানের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করেন।

দুদক আরও জানায়, অভিযোগকারী দুদকের শরণাপন্ন হলে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুর এর উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম গঠিত হয়। উল্লিখিত টিম আবেদনকারীর নিকট হতে ৬০ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণকালে নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনের নিজ কার্যালয়ে হাতেনাতে গ্রেপ্তার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.