Sylhet Today 24 PRINT

বিমানের এমডিসহ ৫ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৯

পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও প্রধান নির্বাহী ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা সাইফুল ইসলাম তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ওই পাঁচ জনকে ২৩ জুলাই তলব করে চিঠি দেওয়া হয়েছিল।

এমডি ফারহাত হাসান ছাড়াও যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন ফজল মাহমুদ, বিমানের চিফ ফাইনান্সিয়াল অফিসার বিনীতি সুধ, পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) আশরাফুল আলম ও পরিচালক (প্লানিং) এয়ার কমোডর মাহবুব জামান।

এর আগে একই ঘটনায় ২৮ জুলাই বিমানের তিন পরিচালকসহ চার জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এখন পর্যন্ত বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল মুনীম মুসাদ্দিক আহমেদসহ মোট ১০ জনকে তলব করে দুদক।

অভিযোগের বিষয়ে দুদক জানায়, ‘অভিযুক্তরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ নিয়ে ক্যাডেট পাইলট নিয়োগসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন।’

এর আগে ২ মে বিমানের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মুসাদ্দিক আহমেদসহ ১০ জনকে বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে দুদক।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.