Sylhet Today 24 PRINT

মিল্ক ভিটার দুধ বিক্রিতে বাধা নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৯

পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধ করে হাই কোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা আট সপ্তাহের জন্য শুধু মিল্ক ভিটার ক্ষেত্রে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের আদালত এ আদেশ দেন।

আদালতে মিল্ক ভিটার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ (ফরহাদ)। পরে কাজী জিনাত হক বলেন, ‘মিল্ক ভিটার ক্ষেত্রে হাই কোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। এ আদেশটি শুধু মিল্ক ভিটার ক্ষেত্রে প্রযোজ্য হবে।’

এর আগে গতকাল রোববার বাজারে থাকা ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাই কোর্ট। একই সঙ্গে এসব দুধ ক্রয় ও মজুদ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছিল।

বিএসটিআইয়ের লাইসেন্সধারী ওইই ১৪ কোম্পানির উৎপাদিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও সিসার উপস্থিতি থাকায় আদালত এ নিষেধাজ্ঞা দেন।

বাজারে থাকা পাস্তুরিত দুধ নিয়ে চারটি প্রতিষ্ঠানের পরীক্ষার প্রতিবেদন আমলে নিয়ে রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.