Sylhet Today 24 PRINT

দিয়া-রাজীবের চলে যাবার এক বছর

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৯

এক বছর পেরিয়ে গেলো রাজধানীর শহিদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীবের মৃত্যুর ঘটনার। গেলো বছর আজকের দিনে দুই বাসচালকের প্রতিযোগিতার কারণে অকালে প্রাণ হারায় এই দুই শিক্ষার্থী। একই ঘটনায় আহত হন একই কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী।

এ ঘটনার পরপরই রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ে নিরাপদ সড়ক দাবির আন্দোলন, রাস্তায় নামে লাখো শিক্ষার্থী। ৯ দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। তাদের দাবি ছিল, সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন করা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা এবং লাইসেন্সবিহীন চালক গাড়ি চালাতে পারবে না।

আন্দোলনের ফলে সড়ক পরিবহন আইন-২০১৮ পাস করা হয়। তবে সংশ্নিষ্টরা বলছেন, নজিরবিহীন ওই আন্দোলনের পরও সড়ক নিরাপদ হয়নি। বলার মতো পরিবর্তন আসেনি। সড়কে নিরাপত্তা সুদূর পরাহত রয়ে গেছে। পাঁচ লাখের বেশি গাড়ির ফিটনেস সনদ নেই। ঘটনার পর সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নত হলেও আজও দৃশ্যমান কোন পরিবর্তন হয়নি বলেও জানান তারা।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পরিবহন মালিক-শ্রমিকদের চাপের কারণে বিধিমালা হচ্ছে না। পরিবহন নেতারা চান, জেল-জরিমানা কমিয়ে আইনটি শিথিল করা হোক। সড়কে ইচ্ছাকৃত দুর্ঘটনায় মৃত্যুদণ্ডের সাজার পরিবর্তন চান তারা।

উল্লেখ্য, গত বছর ২৯ জুলাই দুপুরে বিমানবন্দর সড়কে পাল্লা দিয়ে যাত্রী ওঠানোর সময় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪ শিক্ষার্থীকে চাপা দেয় জাবালে নূর পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন রাজীব ও দিয়া। আহত হন ১২ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.