Sylhet Today 24 PRINT

মিল্ক ভিটার পর প্রাণ-ফার্মফ্রেশ দুধ বিক্রিতেও বাধা রইল না

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৯

মিল্ক ভিটার পর প্রাণ ডেইরি লিমিটেড ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রির ওপর হাই কোর্টের জারি করা নিষেধাজ্ঞা ৫ সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে বাজারে তাদের দুধ বিক্রিতে কোনও বাধা থাকছে না।

মঙ্গলবার (৩০ জুলাই) চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার মিল্ক ভিটার ওপর হাই কোর্টের দেওয়া আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান।

মঙ্গলবার আদালতে কোম্পানিগুলোর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সিসা ও অ্যান্টিবায়োটিকের উপস্থিতি থাকায় গত রোববার (২৮ জুলাই) এই ৩টিসহ ১৪ কোম্পানির পাস্তুরিত দুধের উৎপাদন, সরবরাহ ও বিপণন ৫ সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন হাই কোর্ট। একইসঙ্গে এসব কোম্পানির দুধ বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।

এরই মধ্যে আরও ১১ কোম্পানি মঙ্গলবার হাই কোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছে। আপিলকারী কোম্পানিগুলোর আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এসব আপিলের ওপর আগামীকাল বুধবার শুনানি হতে পারে।

বিএসটিআইয়ের লাইসেন্স পাওয়া যে ১৪টি কোম্পানির দুধের ওপর হাই কোর্ট নিষেধাজ্ঞা দিয়েছিলেন, সেগুলো হল আফতাব মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট লিমিটেড (আফতাব মিল্ক), আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (ফার্মফ্রেশ মিল্ক), আমেরিকান ডেইরি লিমিটেড, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা), বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুডস লিমিটেড (ডেইরি ফ্রেশ), ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট (আড়ং মিল্ক), ডেনিশ ডেইরি ফার্ম লিমিটেড, ইছামতী ডেইরি ফার্ম অ্যান্ড ফুড প্রোডাক্টস (পিওর), ইগলু ডেইরি লিমিটেড (ইগলু), প্রাণ ডেইরি লিমিটেড (প্রাণ মিল্ক), উত্তরবঙ্গ ডেইরি লিমিটেড, শিলাইদহ ডেইরি (আল্ট্রা মিল্ক), পূর্ববাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ এবং তানিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.