Sylhet Today 24 PRINT

এত উন্নয়নের পরও বস্তি বাড়া নিয়ে আক্ষেপ পরিকল্পনামন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৯

দেশে এতো উন্নয়ন হচ্ছে, তারপরেও বস্তির সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আক্ষেপ করে বলেন, দেশে উন্নয়ন হচ্ছে। মাথাপিছু আয় বেড়েছে। তারপরও ঢাকায় বস্তি বাড়ছে। এটা কেন হচ্ছে, এর কারণ খুঁজে বের করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (৩০ জুলাই) নগর দরিদ্রদের জন্য অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। ব্র্যাকের আয়োজনে মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ কর্মশালাটি হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, উত্তরবঙ্গে বন্যা হয়েছে, বাঁধের ওপরে মানুষ বসবাস করছে। ৫০ বছর আগেও বন্যার সময় এমন ছবি দেখা যেত। দেশে অনেক উন্নয়ন হচ্ছে, তাহলে এ ছবি কেন। দরিদ্র মানুষের সংখ্যা কমানোই সরকারের প্রধান লক্ষ্য। তাহলে কেন মানুষ গ্রাম থেকে শহরে আসে, কেন মানুষ দরিদ্র হল, এর সমাধান বের করতে হবে। আগে ঢাকা অনেক মুক্ত ছিল। আগের মতো ঢাকা আর নেই, চারদিকে বস্তি। এত উন্নয়নের পরও ঢাকায় বস্তি বাড়ছে।

মন্ত্রী বলেন, শহরের চেয়ে গ্রামের দারিদ্র্য ভয়াবহ। বস্তিতে মানুষ খাবার পায়, রাতে বাতি জ্বলে। যেটা গ্রামে অনেক সময় পাওয়া যায় না। গ্রামে দরিদ্র মানুষ অবিচারের শিকার হচ্ছে। দরিদ্র মানুষ বাধ্য হয়ে কাজের খোঁজে শহরে আসে। এ ছাড়া গ্রামের মোড়লদের অত্যাচার ও সামাজিক অবিচার থেকে বাঁচার জন্যও দরিদ্র মানুষ শহরে আসে। এ সমস্যাগুলো আমাদের সমাধান করা দরকার।

কর্মশালায় অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, অর্থনীতি সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ফরিদা নাসরিন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি অর্ঘ্য সিনহা রায়, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইইডি) প্রতিনিধি ডেভিড ডডম্যান ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.