নিউজ ডেস্ক | ২৫ আগস্ট, ২০১৫
কারিগরি জটিলতায় প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল ঝালকাঠী ও সিটি কর্পোরেশনসহ বরিশাল জেলা।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ পরিস্থিতিতে থাকতে হয় দুই জেলাবাসীকে।
সন্ধ্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে জেলার শহর-গ্রামের বাসা-বাড়ি-ভবনগুলো। এ কারণে অন্ধকারে থাকতে হয় বিকল্প ব্যবস্থাবিহীন হাসপাতালগুলোকেও। বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীসহ জনসাধারণকে।
এরমধ্যে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) শীর্ষ কর্মকর্তাদের দীর্ঘ প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।
ওজোপাডিকো বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলী তালুকদার জানান, সন্ধ্যায় নগরীর রূপাতলী ৩৩ কেভি উপ-কেন্দ্রের সঞ্চালন লাইনের তিনটি লুপ (ফিউজ) কেটে যায়। এর প্রভাবে ঝালকাঠীতেও ৩৩ কেভি সঞ্চালন লাইনে একটি লুপ কেটে যায়। এরপর রূপাতলীতে ১৩২ কেভি উপ-কেন্দ্রে ফায়ারিং হয়। এই ফায়ারিংয়ের কারণ অনুসন্ধান এবং মেরামতের জন্যই সবগুলো সঞ্চালন লাইন বন্ধ রাখা হয়।
শেষে ত্রুটি মেরামত করে রাত ১০টার দিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হয় বলে জানান তিনি।