Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মধ্যস্থতা করতে চায় জাপান

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৯

রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা-নেপিদোর মধ্যে জাপান মধ্যস্থতা করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। 

সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর ঢাকা সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা-নেপিদোর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাপান। টোকিওতে বাংলাদেশ-মিয়ানমারকে নিয়ে এ বিষয়ে আলোচনা করতে চায়। তবে বাংলাদেশ তাদের এ প্রস্তাব বিবেচনা করবে বলে জানান তিনি।

সোমবার (২৯ জুলাই) রাতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসেন। তিনি মঙ্গলবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। এর আগে গত বছরের ৭-৮ আগস্ট জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন। সে সফরের এক বছরের মাথায় আবারো ঢাকায় এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। জাপানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার (৩১ জুলাই) মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.