Sylhet Today 24 PRINT

মায়ানমার থেকে ফিরল আরও ১২৫ জন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৫

৪ দফায় মোট ৫০১ জন বাংলাদেশিকে মায়ানমার থেকে ফেরত আনার পর পঞ্চম দফায় এবার ফেরত আনা হলো আরও ১২৫ জন বাংলাদেশিকে।

প্রায় ৩ মাস মায়ানমারে বন্দী থাকার পর মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে তাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম হাইস্কুল মাঠে আনা হয়।

মিয়ানমার থেকে এসব বাংলাদেশীকে ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধি দল সকাল সাড়ে ১০টায় মিয়ানমার যান। এরপর বেলা সাড়ে ১১টার দিকে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের সাথে পতাকা বৈঠক শুরু হয় ঢেঁকিবনিয়ার বিজিপি ক্যাম্পে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লে. কর্নেল রবিউল ইসলাম। মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্ট পরিচালক ইউ স নাইং।

যাদের ফিরিয়ে আনা হয়েছে তাদের মধ্যে ১৪ জেলার বাসিন্দা রয়েছে। এদের মধ্যে কেবল কক্সবাজারের ৮৬ জন। অপ্রাপ্ত বয়স্ক রয়েছে ২৪ জন।

ফেরত আনা ১২৫ জনকে সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে এনে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর পর তাদের কে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসা হয়। আইনী প্রক্রিয়া শেষে আইএমও এবং রেডক্রিসেন্ট সোসাইটি’র মাধ্যমে এসব বাংলাদেশীকে নিজ নিজ বাড়ীতে পৌঁছে দেওয়া হবে।

আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইএমও এর বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনির ফিরে আসাদের সব রকমের সহযোগিতা দেওয়ার কথা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.