Sylhet Today 24 PRINT

বন্যার্তদের সহায়তায় যুক্তরাজ্যের ৩০লাখ পাউন্ড অনুদান

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৫

বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে সফররত যুক্তরাজ্যের আর্ন্তজাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড আনগাস সয়ানে ৩০ লাখ পাউন্ড দেয়ার ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশে তার তিন দিনের সফর শেষে মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে ব্রিটিশ হাইকমিশন স্টাফ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিয়ে বলেন, বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩০ লাখ পাউন্ড দেয়া হবে।

তিনি বলেন, এ ছাড়া বাংলাদেশে সম্প্রতিক ঘূর্ণিঝড় কোমেন এবং বন্যায় এক লাখের অধিক ক্ষতিগ্রস্ত মানুষকে বিশ্ব খাদ্য কর্মসূচি এবং দেশটির অর্থায়নে পরিচালিত অন্যান্য অংশীদারও প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা চালাবে।

সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন এবং ডিএফআইডি কান্ট্রি প্রধান সারাহ কুক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশে এমডিজি বাস্তবায়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও সক্ষম হবে। তিনি বলেন, বাংলাদেশে সর্ববৃহৎ দ্বিপক্ষীয় মঞ্জুরি সহায়তা হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্তরাজ্য সরকার সমর্থন প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্রিটিশ মন্ত্রী বলেন, মধ্য আয়ের দেশের মর্যাদা লাভে নিজস্ব উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে নতুন বৈশ্বিক লক্ষ্য বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

ব্রিটিশ মন্ত্রী ঢাকা ও ঢাকার বাইরে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করতে বাংলাদেশে তিনদিনের সফরে রবিবার ঢাকা আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.