Sylhet Today 24 PRINT

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন।

ঢামেকের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গতরাত তিনটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা অবস্থায় মনোয়ারা বেগম (৭৫) নামের ওই নারী মারা যান।

ডা. নাসির উদ্দিন আরও জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৩ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ ভোরে মনোয়ারা বেগম মারা গেছেন। মনোয়ারা বেগম জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

মনোয়ারার নাতি সিহাব জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর হাজীগঞ্জে। ঢাকার  মিরপুর ২ নম্বরের বাসিন্দা তারা। গত ৩  আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় মনোয়ারাকে। গতকাল তাকে আইসিইউতে নেওয়া  হয়। আজ ভোরে মারা যান তিনি।

সোমবার (৫আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢামেকের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে (ওসেক) মারা যান নকুল কুমার দাস। এর আগে রোববার দিনগত রাতে হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে মারা যায় হাসান নামের এক কিশোর। একই দিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপালী আক্তার (২৩) ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.