সিলেটটুডে ডেস্ক | ২৬ আগস্ট, ২০১৫
সানি লিওনকে নিয়ে বড্ড পেরেশান হেফাজতে ইসলামের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা যে কোন উপায়ে সানি লিওনের বাংলাদেশ আগমন ঠেকাতে মরিয়া। ইতোমধ্যে বিমানবন্দর আক্রমণের হুমকিও দিয়েছেন তারা। নিজেদের মধ্যে চলছে দফায় দফায় বৈঠক।
জানা যায়, ঢাকায় সানি লিওনের শো’কে ঘিরে তৎপর হয়ে ওঠেছে হেফাজতে ইসলাম। দুই বছর অনেকটা আলোচনার বাইরে থাকা হেফাজত এ ইস্যুকে সামনে রেখে আবার মাঠে নামতে মরিয়া। কর্মসূচির অংশ হিসেবে বিমানবন্দর ঘেরাও, এক দিনের হরতাল, বিক্ষোভ মিছিলসহ সমাবেশ করার প্রাথমিক পরিকল্পনা করেছে সংগঠনটি।
তবে সেপ্টেম্বরের মাঝামাঝি সানি লিওনের সফর চূড়ান্ত হয়ে গেলেই কর্মসূচি নিয়ে প্রকাশ্যে আসবে আল্লামা শফীর নেতৃত্বাধীন হেফাজত। চট্টগ্রাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এ সম্পর্কে সরকারের মনোভাব জানার চেষ্টা চালাচ্ছেন আল্লামা শফী।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে সাবেক পর্নতারকা সানি লিওন সম্পর্কে হেফাজত ইসলামের নেতারা কীভাবে অবগত হয়েছেন এ সম্পর্কেও প্রশ্ন ওঠেছে। অনেকেই বলছেন- এই মুহুর্তে সানি লিওন কেবল বলিউডের সিনেমাতেই অভিনয় করছেন। পর্নফিল্ম তিনি ছেড়ে দিয়েছেন, তার সে সিনেমার কথাগুলো কেবল পর্নদর্শকদেরই জানার কথা। হেফাজতে ইসলামের নেতারা কিভাবে সেটা জানেন?
দীর্ঘদিন ধরেই আড়ালে ছিল হেফাজত। এ কারণে সাধারণ আলেম ও মাদ্রাসা-শিক্ষার্থীদের মধ্যে নিজের সাংগঠনিক গ্রহণযোগ্যতা নিয়ে এক ধরনের সংকটে ছিল সংগঠনটি। এ থেকে উত্তরণে যেভাবে হোক তারা সানি লিওনর বাংলাদেশ সফর ও তার অনুষ্ঠান বাতিল করতে চায় হেফাজত।
সূত্রের দাবি, ইতোমধ্যে সরকারের বিভিন্ন চাপে হেফাজত কোণঠাসা অবস্থায় ছিল। নেতাদের বিরুদ্ধে কয়েক শ’ মামলায় গ্রেফতারের ভয়ে এতদিন নীরব থেকেছে সংগঠনটি। পাশাপাশি মাঠ গরম করার মতো কর্মসূচি না থাকায় অনেকটাই চুপ ছিল হেফাজতের। তবে সানি লিওনর ইস্যুটি ধর্মভীরু সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করবে- এমন সম্ভাবনাকে সামনে রেখেই কর্মসূচির দিকে যাচ্ছে তারা।
এ প্রসঙ্গে হেফাজত নেতা খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সানি লিওনকে ঠেকাতে প্রয়োজনে ঢাকা অবরোধ করা হবে। তিনি বলেন, অপসংস্কৃতির কবলে পড়ে আমাদের নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ আজ ধ্বংসের মুখে। প্রতিমাসেই কোনও না কোনও ভারতীয় শিল্পী এনে বেহায়াপনার আয়োজন করে এদেশের ঈমানি পরিবেশকে নষ্ট করা হচ্ছে।
হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা আমির ও শহরের বৃহৎ মসজিদ ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল লিওনর বাংলাদেশ সফর ঠেকানোর হুমকি দিয়েছেন।
এ ব্যাপারে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, আমরা আয়োজক কর্তৃপক্ষ, প্রশাসন ও সরকারের প্রতি স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করছি। পর্নতারকা আমদানি করে মসজিদের শহর ঢাকায় কোনও অনুষ্ঠান হতে দেওয়া যাবে না। অন্যথায় অনুষ্ঠানস্থলে ঢাকার সর্বস্তরের তাওহিদি জনতা গণপ্রতিরোধ গড়ে তুলবে। পরে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতির জন্য সংশ্লিষ্টরা দায়ী থাকবেন।
জানা গেছে, আল্লামা শফীর সঙ্গে সংগঠনটির নেতারা এ বিষয়ে আলোচনাও করেছেন। সানির সফর ঠেকাতে প্রয়োজনে বিমানবন্দর অথবা অনুষ্ঠানস্থল ঘেরাও করারও পরিকল্পনা রয়েছে সংগঠনটির। এ জন্য আগে থেকেই বিমানবন্দর ও উত্তরা এলাকার মাদ্রাসাগুলোয় অবস্থান নেবে হেফাজতের নেতা-কর্মীরা। সফর বাতিল না হলে হরতাল দেওয়ারও চিন্তা রয়েছে সংগঠনটির।
জানা গেছে, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময় অভিনেত্রী সানি লিওন ঢাকায় আসবেন। তার নিজস্ব কনসার্টের উদ্যোক্তা প্রতিষ্ঠান বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে কনসার্ট আয়োজনের অনুমোদন দিয়েছে।