Sylhet Today 24 PRINT

অনলাইনে মন্ত্রীর বিরুদ্ধে ‘যা ইচ্ছা’ লিখলে ছাড় নয় : মহসিন আলীর সতর্কবার্তা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৫

কার্টুন : ইন্টারনেট

এবার অনলাইন এক্টিভিস্ট ও ফেসবুকারদের সাবধান করে দিলেন সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী। বিভিন্ন সময় সাংবাদিকদের শাসিয়ে যিনি আলোচনায় উঠে আসেন।

বুধবার নরসিংদীতে এক অনুষ্ঠানে সৈয়দ মহসিন আলী বলেন, ‌'ইদানিং আরেকটা বের হয়েছে, অনলাইন আর ফেসবুক। যার যা ইচ্ছা লিখছে, এমনকি চরম ইতরামিও করা হচ্ছে। এজন্যই তথ্যপ্রযুক্তি আইন আসছে। মন্ত্রীর বিরুদ্ধে যা ইচ্ছা লিখে দেবেন, আর আপনাদের ছেড়ে দেবে মন্ত্রীরা, সে কথা ভাববেন না।'

সমাজকল্যান মন্ত্রী এমন সময়ে এ সতর্কবার্তা দিলেন যখন জনমতের চাপে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা পর্যালোচনার কথা ভাবছে সরকার।

নরসিংদী সার্কিট হাউজে জেলার সমাজসেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের দেশাত্মবোধ নিয়েও প্রশ্ন তুলেন মন্ত্রী।

সাংবাদিকরা রানাপ্লাজার ঘটনা প্রচার করে বিশ্বের কাছে বাংলাদেশকে ‘হেয়’ করেছেন বলে মন্তব্যে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী। সাংবাদিকদের ‘দেশাত্মবোধ নেই’ বলেও মনে করেন তিনি। দেশাত্মবোধ থাকলে সাংবাদিকরা রানাপ্লাজার ঘটনা প্রচার করতেন না বলে মন্তব্য করেন মন্ত্রী।

এসময় খুব সর্তক হয়ে লেখালেখি করতে সাংবাদিকদের পরামর্শ দেন তিনি।

মন্ত্রী বলেন, আমি সিগারেট খেয়েছি, আপনারা ছবি দিয়েছেন পত্রিকায়। আমি কলকাতার মঞ্চে বসেও সিগারেট খেয়েছি, কোনও সাংবাদিক তো ছবি তুলেনি ।

এসময় নিজেকে গণতন্ত্রমনা বলেও দাবী করেন মন্ত্রী।

জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান, নাসরিন আরা, আবু মোহাম্মদ ইউসুফ, নরসিংদীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারসহ জেলার সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.