Sylhet Today 24 PRINT

বঙ্গোপসাগরে লঘুচাপ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৯

উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে।

সোমবার (১২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় হয়ে উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা আছে। এসব জায়গায় ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই লঘুচাপের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে।

আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রাজধানীসহ সারা দেশে ঈদের দিন বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঈদের দিন দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছিল। বিশেষ করে রাজশাহী, খুলনা ও রংপুরের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.