Sylhet Today 24 PRINT

‘ফুলবাড়ী সমঝোতা চুক্তি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন’

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৫

ফুলবাড়ী সমঝোতা চুক্তির ৬ দফা আগামি ৩১ অক্টোবরের মধ্যে পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

একই দাবিতে আগামি ৭ অক্টোবর দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা কর্মসূচির ঘোষণা দেন।

বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের ফুলবাড়িতে কয়লাখনি বিরোধী আন্দোলনের ৯ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

আনু মুহাম্মদ বলেন, নয় বছর ধরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে এশিয়া এনার্জি কিংবা তাদের কোনও প্রতিনিধি ফুলবাড়ি কয়লাখনি এলাকায় প্রবেশ করতে পারেনি। আগের মতোই আন্দোলন তীব্র রয়েছে।

খনিবিরোধী আন্দোলনকে নস্যাৎ করতে নানা চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি।

জাতীয় কমিটিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বুধবার কয়লাখনি বিরোধী আন্দোলনের ৯ম বার্ষিকী পালিত হয়।

জাতীয় কমিটির উদ্যোগে সকালে সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে পৌর শহরে শোক র্যা লি বের হয়। পরে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে স্থানীয় নিমতলা মোড়ে ফুলবাড়ি শাখা জাতীয় কমিটির আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে কয়লাখনি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহামুদুল হাসান মানিক,  বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসাইন, তেল গ্যাস কমিটির কেন্দ্রীয় সদস্য এসএমএ খালেক, মাহা মির্জা, অধ্যাপক তানজিম উদ্দিন খান, জাতীয় আদিবাসী পরিষদের রবীন্দ্র সরেন, বাসদ মার্কসবাদী’র কেন্দ্রীয় সদস্য ওবায়দুল্লাহ মুসা।

স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত, সাবেক সদস্য সচিব আব্দুল মজিদ চৌধুরী, সদস্য হামিদুল হক, এমএ কাইয়ুম, এসএম নূরুজ্জামান জামান, শফিকুল ইসলাম শিকদার, সঞ্জিত প্রসাদ জিতু প্রমূখ।

এছাড়া পৌর মেয়র মুরতুজা সরকার মানিকের নেতৃত্বে গড়ে ওঠা সম্মিলিত অরাজনৈতিক পেশাজীবী সংগঠনের উদ্যোগে সকালে শোক র্যাালি বের হয়। র্যাসলী শেষে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। পরে স্থানীয় উর্বশী সিনেমা হলের সামনে খনি বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়।

এদিকে, রাজধানীতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশে  ফুলবাড়ী আন্দোলনে নিহত তরিকুল, আল-আমীন, সালেহীন-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি করা হয়। নেতারা অভিযোগ করে বলেন, এশিয়া এনার্জি নাম পরিবর্তন করে জিএমএম নামে ফুলবাড়ীর খনি দেখিয়ে লন্ডনের শেয়ার বাজারে ব্যবসা করছে।

সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় কমিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের পর আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কমিটি’র আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সংগঠক নূর মোহাম্মদ ও জাতীয় কমিটির সংগঠক, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স।

এসময় খালেকুজ্জামান, প্রকৌশলী বিডি রহমত উল্লাহ, অধ্যাপক এম এম আকাশ, ড. শামসুল আলম, প্রকৌশলী ম. ইনামুল হক, সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, আব্দুস সাত্তার, ফিরোজ আহমেদ, মানস নন্দী, কিশোর রায়, শহিদুল ইসলাম সবুজ, মহিনউদ্দিন চৌধুরী লিটন, মিহির বিশ্বাস, আলমগীর কবির, মীর মোফাজ্জেল মোস্তাক, মাসুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুরের ফুলবাড়ীসহ ওই অঞ্চলে মাত্র ৬ শতাংশ রয়ালিটির বিনিময়ে বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে পুরো খনির মালিকানা দেওয়ার বিরোধীতা করে আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনের ধারাবাহিকতায় ২০০৬ সালের ২৬ আগস্ট এশিয়া এনার্জির কার্যালয় ঘেরাও কর্মসূচিতে সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। এরপর তৎকালীন বিএনপি-জামায়াত সরকার তেল-গ্যাস জাতীয় কমিটির সঙ্গে ৬ দফা চুক্তি করতে বাধ্য হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.