Sylhet Today 24 PRINT

ডেঙ্গু প্রতিরোধে এসে ডেঙ্গুতেই মৃত্যু এক স্বাস্থ্য সহকারীর

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তপন কুমার মণ্ডল (৩৫) নামের এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচীতে অংশ নিতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তপন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. সবুর মিয়া। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ী গ্রামে।

মাদারীপুরের সিভিল সার্জন এবং তার পরিবার সূত্রে জানা যায়, স্বাস্থ্য সহকারী হিসেবে মাদারীপুর সদরে কর্মরত ছিলেন তপন। ১৬ দিন আগে সরকারের নির্দেশ অনুযায়ী ডিএসসিসি'র ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচীতে অংশ নিতে পাঠানো হয় তাকে। তিনি ডিএসসিসি'র ৫৮ নম্বর ওয়ার্ডে নিয়োজিত ছিলেন। গত ১১ আগস্ট কর্তব্যরত অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি।

পরে ঈদের ছুটিতে মাদারীপুরে নিজের বাড়িতে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত বুধবার থেকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। সেখানেই বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মারা যান তিনি।

মাদারীপুরের সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম বলেন, "আমাদের একজন স্বাস্থ্য সহকারী সরকারি দায়িত্বে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ নম্বর ওয়ার্ডের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচীতে নিয়োজিত ছিলেন। সেখানে কর্তব্যরত অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তিনি মারা গেছেন।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.