Sylhet Today 24 PRINT

বস্তির আগুনে প্রায় ৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে: রেজাউল করিম

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০১৯

মিরপুরে চলন্তিকা মোড়ের পাশে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০০ থেকে ৬০০ ঘর পুড়ে গেছে ও প্রায় তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম। শনিবার (১৭ আগস্ট) সকালে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের এ তথ্য জানান।

রেজাউল করিম বলেন, বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত সবগুলো ঘরই  কাঁচা ছিল, ফলে কিছু ঘর দেবে গেছে এবং ঘরের চালা চাপা পড়েছে। তাই ধ্বংসস্তূপ অপসারণে আমাদের সময় লাগছে। ওই ধ্বংসস্তূপের নিচে কোনও ভিকটিম আছে কিনা আমরা সার্চিং করে দেখছি।

তবে বস্তিতে কিভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেননি তিনি। তিনি বলেন, অনুসন্ধান শেষে আগুনের উৎস নিশ্চিত করে বলা যাবে।

তিনি বলেন, বস্তির এন্ট্রি পয়েন্ট একটি এবং সরু গলির কারণে বস্তি পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি যায়নি। যার ফলে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। পানির সংকট ছিল। আমরা গাড়ির মাধ্যমে এবং আশপাশের গার্মেন্টস থেকে পানি নিয়ে কাজ করেছি।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ে অবস্থিত একটি বস্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ভয়াবহ আগুন লাগে। পরে রাত সোয়া ১০টার দিকে ২১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.