Sylhet Today 24 PRINT

ব্লগার নিলয় হত্যায় জড়িত সন্দেহে আটক ২

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৫

ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় ওরফে নিলয় নিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (পূর্ব) মাহবুব আলম। আটককৃত দুইজন আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

আটককৃতরা হলেন- কাউসার হোসাইন খান (২৯) ও কামাল হোসাইন সরদার (২৯)। তাদের মধ্যে কাউসার হোসাইন খানকে মিরপুর ও কামাল হোসাইন সরদারকে শ্যামপুর থেকে আটক করা হয়।

গত ৭ আগস্ট দুপুরে রাজধানীর পূর্ব গোড়ানের ভাড়া বাসায় নিলয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় নিলয়ের স্ত্রী আশামনি ও শ্যালিকা বাসায় উপস্থিত থাকলেও তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে খুনিরা। হত্যার পর বাসা থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে যায় তারা।

২৭ বছর বয়সী নিলয় গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। নিলয় নীল নামে তিনি মুক্তমনা, নবযুগ ও ইস্টিশন ব্লগে 'কুসংস্কার ও ধর্মান্ধতা' নিয়ে লেখালেখি করতেন। আরডিসি নামের বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.