Sylhet Today 24 PRINT

নতুন সাইবার আইন হচ্ছে, এরপর ৫৭ ধারাকে বিবেচনা করা হবে: তথ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৫

বহুল আলোচিত তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সাইবার অপরাধীদের মোকাবিলা করার জন্য একটি সাইবার অপরাধ আইন তৈরি করছি। সেই আইনটা তৈরি হওয়ার পর ৫৭ ধারার দরকার আছে কি না, তখন বিবেচনা করা হবে।’

বৃহস্পতিবার কুষ্টিয়ায় ভেড়ামাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে নিরাপদ করতে হলে ২১ আগস্টের খুনি এবং আগুন সন্ত্রাসের খুনি ও নেতৃত্বদানকারী আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে এক চুলও ছাড় দেওয়া উচিত না। এই রকম পরিস্থিতিতে যারা খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসের বিচার থেকে বাঁচাতে চাচ্ছেন অথবা যারা তারেক রহমানকে ২১ আগস্টের মামলা থেকে বাঁচাতে চাচ্ছেন তাদের আসলে গণতন্ত্রের প্রতি যে দরদ, সে দরদের ভেতরে গলদ আছে।’

ইনু আরও বলেন, ‘এই মুহূর্তটা বিভ্রান্তির সময় নয়, অনৈক্যের সময় নয়। দোদুল্যমানতার সময় নয়। এই মুহূর্তটা শেখ হাসিনার নেতৃত্বে চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে ইস্পাত কঠিন ঐক্য প্রতিষ্ঠার সময়। এবং শেষ আঘাতটা হানার জন্য অগ্নি সন্ত্রাসীদের ও ২১ আগস্টের খুনিদের বিচারে সোপর্দ করার শেষ প্রচেষ্টার সময়।’

অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমা ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.