Sylhet Today 24 PRINT

রাত ১২ টার আগে চালু হচ্ছে না ঢাকা-সিলেট মহাসড়ক, বিপাকে যাত্রীরা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৫

সেতু মেরামত কাজের জন্য বন্ধ রয়েছে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল। শুক্রবার ভোর থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেতু সংস্কার শেষে রাত ১২ টার পর পুণরায় যান চলাচল শুরু হবে। এ সড়কে ১৮ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার ঘোষণা আগেই দেওয়া হয়েছিলো।

পূর্ব ঘোষণা দেওয়া হলেও গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। সড়ক পথ বন্ধ থাকায় গরুত্বপূর্ণ কাজে ঢাকা যেতে অনেকে ট্রেনে ভিড় করছেন। তবে ট্রেনের টিকিটও পাওয়া যাচছে না বলে জানিয়েছেন বেশ কয়েকজন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর উপর নির্মিত সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত এবং সেতুর উপর বেইলি সেতু স্থাপন কাজের জন্য শুক্রবার ভোর ছয়টায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এতে ঢাকার সঙ্গে হবিগঞ্জ-মৌলভীবাজার, সিলেট, জাফলং, তামাবিলগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ সূত্র জানায়, সেতু মেরামতকালিন ঢাকা থেকে সিলেটগামী ছোট-ছোট যানবাহনকে সরাইল-নাসিরনগর সড়ক এবং ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া-বিজয়নগর উপজেলার ভেতরের চান্দুরা সরু সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এসব সংযোগ সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে এই মহাসড়কটি বন্ধ থাকায় সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নৌকাযোগে নদী পার হয়ে কোনো ধরনের যানবাহন না পেয়ে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রী ও যানবাহনের চালকেরা দুর্ভোগে পড়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল রঞ্জন ভট্টাচার্য জানান, তিতাস সেতুর মাঝখানের ২০ মিটার দীর্ঘ দু’টি পিলার জরাজীর্ণ হয়ে পরায় সেতুটি ঝুঁকির মুখে পড়ে। এরই মধ্যে সেতুটি মেরামত জরুরি হয়ে পরে। এ অবস্থায় সেতুর ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করার জন্যে সেতুর উপর ২০ মিটার দৈর্ঘ্য একটি বেইলি সেতু স্থাপন করা হচ্ছে। যার কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টার জন্যে সেতুটির উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বেইলি সেতুটি স্থাপন করা হলে নির্ধারিত সময় রাত ১২টার মধ্যে মহাসড়কটি আবারো যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২ মিটার দীর্ঘ শাহবাজপুর তিতাস সেতুর উপর দিয়ে প্রতিদিন গড়ে ১৬ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.