Sylhet Today 24 PRINT

নিলয় হত্যায় গ্রেপ্তার দুজন ৫ দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৫

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার রিমান্ড শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে গ্রেপ্তার কাউছার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সরদারকে (২৯) আদালতে হাজির করে ১০দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে কাউছারকে মিরপুর ১০নম্বর এবং শ্যামপুরের ধোলাইপাড় থেকে কামালকে গ্রেপ্তার করা হয়।
তারা দুজনই ব্লগার আসিফ মহীউদ্দীনকে হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বলে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পূর্ব) মাহবুব আলম জানিয়েছেন।

গত ৭ অগাস্ট ঢাকার গোড়ানে নিজের বাসায় সন্ত্রাসীদের ধারাল অস্ত্রের আঘাতে নিহত হন ব্লগার নিলয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এর আগে সাদ আল নাহিন ও মাসুদ রানা নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে নাহিন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা। ২০১৩ সালে উত্তরায় আসিফ মহীউদ্দীনের উপর হামলার পর নাহিন গ্রেপ্তার হয়েছিলেন এবং এক বছরের বেশি সময় কারাবাসের পর তিনি জামিনে ছাড়া পান।

কাউছার ও কামালও এর আগে আসিফ মহীউদ্দীনের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন বলে উপকমিশনার মাহবুব জানান।

আসিফ মহীউদ্দীন হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন জানান, নাহিন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন।

ব্লগার নিলয় হত্যাকাণ্ডের পিছনেও নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহর সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশের সন্দেহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.