Sylhet Today 24 PRINT

সেনাবাহিনীর সঙ্গে ‘গোলাগুলিতে’ খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ সদস্য নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৯

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে ‘গোলাগুলিতে’ ইউপিডিএফ (প্রসিত খীসা) গ্রুপের ৩ সদস্য নিহত হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত একটি 'স্ক্রল শিরোনাম' দুপুরে গণমাধ্যমে পাঠানো হয়।

এতে বলা হয়, খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীতপন্থি) সন্ত্রাসীদের সঙ্গে টহলরত সেনা সদস্যদের গুলি বিনিময়ে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।

এ তিনজন হলেন– দীঘিনালার কৃপাপুর এলাকার বাসিন্দা নবীন চাকমা (২৫) ও রসুল চাকমা (২৭) এবং পাবলাখালী এলাকার ভুজেন্দ্র চাকমা (৫২)।

এদিকে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা শাখার সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেছেন, সোমবার ভোরে তার দলের তিন সদস্যকে কৃপাপুর এলাকা থেকে তুলে নেওয়ার পর সকাল ৯টার দিকে কয়েক কিলোমিটার দূরে বিনন্দাচোখ এলাকায় নিয়ে গুলি করে হত্যা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.