Sylhet Today 24 PRINT

গণপিটুনিতে নিহত রেনুর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৯

সন্তানকে স্কুলে ভর্তি করানোর বিষয়ে খোঁজ নিতে গিয়ে রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেণু নিহতের ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট।

একইসঙ্গে চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও বাড্ডা থানার ওসিসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।

এর আগে ১৬ আগস্ট গণপিটুনিতে তাসলিমা বেগম রেণুর নিহত হওয়ার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করা হয়। রেণুর বোন নাজমুন নাহার নাজমা ও ভাতিজা সৈয়দ নাছির উদ্দিন বাদী হয়ে এ রিট দায়ের করেন।

প্রসঙ্গত, এর আগে ২০ জুলাই সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যা করা হয়। স্কুলটিতে নিজের চার বছরের মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন রেণু। দুই বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। তার ১১ বছরের একটি ছেলেও রয়েছে। ছেলেটি বাড্ডায় বাবার সঙ্গে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.