Sylhet Today 24 PRINT

দক্ষ কর্মী দিতে পারলে জাপানে বাংলাদেশী কর্মীর চাহিদা বাড়বে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

জাপানগামী টেকনিক্যাল ইন্টার্নদের স্মার্ট কার্ড প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী সরকার দক্ষ কর্মী তৈরি করছে। তিনি বলেন, সহযোগিতা স্মারক স্বাক্ষরের ফলে জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। দক্ষ কর্মী যোগান দিতে পারলে জাপানে বাংলাদেশী কর্মীর চাহিদা আরো বেড়ে যাবে।

এসময় জাপানের শ্রমবাজার উন্মুক্তকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক প্রচেষ্টা ও দক্ষতার প্রশংসা করে মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস কক্ষে জাপানগামী টেকনিক্যাল ইন্টার্নদের স্মার্ট কার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অনেক সুনাম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাপানের ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য দেশের শ্রমবাজারও  বাংলাদেশী কর্মীদের জন্য উন্মুক্ত হবে এবং বৈদেশিক কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। তিনি টেকনিক্যাল ইন্টার্নদের উদ্দেশ্যে বলেন, কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।

উল্লেখ্য, আইএম জাপানের সহায়তায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে সরকারিভাবে বিনা খরচে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন প্রেরণ কর্মসূচীর অংশ হিসেবে আজ 8 জন টেকনিক্যাল ইন্টার্নদের স্মার্টকার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.