Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা ইস্যু: কূটনীতিকদের জোরালো ভূমিকার প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৯

রোহিঙ্গা সঙ্কট সমাধানে কূটনীতিকরা আরও জোরালো ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ড. মোমেন বলেছেন, ‘রোহিঙ্গা সঙ্কট সমাধানে কূটনীতিকদের আরও জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছি।’

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে এ প্রত্যাশার কথা জানিয়ে ব্রিফিং শেষে তিনি গণমাধ্যমকর্মদের এসব কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন মধ্যস্থতা করতে চায়। তারা এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে।’ আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যেসব এনজিও রোহিঙ্গাদের নানাভাবে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মিয়ানমার গণহত্যা চালালেও তাদের সঙ্গেই যুক্তরাষ্ট্র সামরিক মহড়া চালাচ্ছে- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা আপনারাই যুক্তরাষ্ট্রকে জিজ্ঞাসা করুন, কেন তারা মহড়া চালাচ্ছে।

সূত্র জানায়, গত ২২ আগস্ট দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসন ভেস্তে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এসময় রোহিঙ্গা সঙ্কটের সবশেষ পরিস্থিতি তুলে ধরে তাদের কাছে সহায়তা চাওয়া হয়। রোহিঙ্গা সঙ্কট শুরুর পর থেকে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের কাছে পরিস্থিতি তুলে ধরা হয়েছে। তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.